ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাইবুর পারভেজের অলরাউন্ডস পারফরম্যান্সে দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করে ব্রাদার্স ইউনিয়ন ২৩৮ রানের সংগ্রহ দাঁড় করায়। সেই লক্ষ্যে খেলতে নেমে অগ্রণী ব্যাংক ৮ বল আগে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলটির জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তাইবুর। বল হাতে চার উইকেট নেওয়া এই স্পিনার ব্যাট হাতে উপহার দেন ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
বিকেএসপিতে টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠায় অগ্রণী ব্যাংক। তাইবুর, রুয়েল মিয়া ও আরিফ আহমেদের বোলিংয়ে ব্রাদার্সের ইনিংস থেমে যায় ২৩৮ রানে। মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে অগ্রণী ব্যাংক শুরুটা ভালোই করে। ওপেনিংয়ে ৪৫ রানের জুটির পর সাজঘরে ফেরেন ইমরানুজ্জামান (২১)। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন সাদমান ও অমিত হাসান। এরপর অবশ্য দ্রুত দুই উইকেট হারায় অগ্রণী। অমিত ২৫ ও ইমরুল কায়েস ১৪ রানের ইনিংস খেলে বিদায় নেন। মার্শাল ৫৯ বলে ৪১ রানের ইনিংস খেলে যখন আউট হন, অগ্রণী ব্যাংকের স্কোর ৫ উইকেটে ১৬৪। ৬ষ্ঠ উইকেটে তাইবুর ও শুভাগত হোম মিলে গুরুত্বপূর্ণ ৫৮ রানের জুটি গড়েন। জয় থেকে ১৭ রান দূরে থাকতে তাইবুর ৩৫ রানে আউট হলেও শুভাগত ৩৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। এছাড়া সাদমানের ব্যাট থেকে আসে ৪৪ রানের ইনিংস।
ব্রাদার্সের বোলারদের মধ্যে জায়েদ উল্লাহ দুটি এবং রাহাতুল ফেরদৌস, মাইশুকুর রহমান, সোহাগ গাজী ও আল আমিন হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাদার্স অলক কাপালির ব্যাটিং দৃঢ়তায় ২৩৮ রানের ইনিংস গড়ে। ১২ রানে ওপেনারকে হারানোর পর দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে ব্রাদার্স। মিজানুর রহমান ৪৫ বলে ৪৪ রান করে আউট হলে ভাঙে জুটি। তবে ১৪ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়তে সময় লাগে না ব্রাদার্সের। ৬ষ্ঠ উইকেটে সোহাগ গাজী ও আইচ মোল্লা মিলে ৫৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। গাজী ৩৪ রানে আউট হওয়ার পর অলক কাপালির সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে আউট হন আইচ (৩৩)। এরপর কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে ব্রাদার্সের স্কোর ২৩৮ রানে নিয়ে যান অলক কাপালি। ৫৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে আউট হন অভিজ্ঞ অলরাউন্ডার।
অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে তাইবুর ৪১ রান খরচায় শিকার করেন চারটি উইকেট। আরিফ আহমেদ ও রুয়েল মিয়া নেন দুটি উইকেট।