পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার ছেলেদের কোনও খেলা নেই। আর এমন দিনেই নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে জাহানারা আলমরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত হারের বৃত্তে বন্দী মেয়েরা। তিনটি ম্যাচে প্রতিপক্ষের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েদের।
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও স্বাগতিক ভারতকে হারিয়ে শেষ চারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের মেয়েরা। শেষ চারে খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই সানা মিরের দলের। আর এমন সমীকরণকে সামনে রেখে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান নারী ক্রিকেট দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ২।

উল্লেখ্য, বাংলাদেশের মেয়েদের খেলা ছাড়াও আজই বাংলাদেশ সময় বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আর ধর্মশালায় বাংলাদেশ সময় রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

 /এফআইআর/