দেশে ফিরলেন মাশরাফিরা

ফাইল ছবিটি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রবিবার সকাল সোয়া নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাশরাফিরা। এদিন দলের সঙ্গে দেশে ফেরেননি শুভাগত হোম। আপাতত কলকাতায় থেকে যাবেন তিনি। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কলকাতা থেকেই ছুটি কাটাতে চলে গেছেন লন্ডনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য আনন্দ-বেদনার উপাখ্যান হয়ে থাকল। বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সেটা পূরণ হলেও এই পর্বে কোনও ম্যাচ জেতা হয়নি। সেমিফাইনাল পর্ব শুরুর আগেই শেষ মাশরাফিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের মূল পর্ব বাংলাদেশের জন্য হতাশাই বয়ে এনেছে বেশি। টানা চার ম্যাচে হার। ভারতের সঙ্গে লড়াই করেও এক রানের হার, যা পোড়াবে অনেকদিন। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াকু হার প্রশংসার দাবিদার। আর পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে নাকাল বাংলাদেশ।

তাসকিন ও সানির বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় খানিকটা মনোবলও হারিয়েছিলো টাইগাররা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ৭৫ রানের বড় হার হয়তো হতাশা বাড়াচ্ছে। তবে এই ম্যাচেই মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং বড় প্রাপ্তি। ৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নেয়া আশা জাগাচ্ছে ভবিষ্যতের।

/এমআর/