গ্লোবাল সুপার লিগে দুবা্ই ক্যাপিটালস শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে দলে টানে। বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন। প্রভিডেন্সে সেন্ট্রার ডিস্ট্রিক্টসের বিপক্ষে ব্যাটে-বলে জাদু দেখালেন তিনি। বৃহস্পতিবার ব্যাট হাতে করেছেন অপরাজিত হাফ সেঞ্চুরি। তাতে দুবাই আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে। পরে বল হাতে সাকিব নেন ৪ উইকেট। ৪ ওভারে ১ মেডেন ও ১৩ রান দেন এই স্পিনার। তার এই পারফরম্যান্স বৃথা যায়নি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়। ২২ রানের জয়ে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।
সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩১ রানে ২ উইকেট পড়লে সেদিকুল্লাহ অটলের ২৫ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় দুবাই। আফগান ব্যাটার আউট হলে সাকিবের ব্যাটে এগিয়ে যায় দল।
অষ্টম ওভারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ইনিংসের শেষ ওভারে ৩৫ বলে ফিফটি করেন। ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। জেসে বুটান ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন।
লক্ষ্য দিয়ে সাকিব তার প্রথম ওভারে তিন বলে দুই উইকেট নেন। উইল ইয়াং ও ডিন ফক্সক্রফটকে ফেরান তিনি। ওই ওভারে সাকিব কোনও রান দেননি। পরে ১১তম ওভারে জশ ক্লার্কসনকে আউট করেন তিনি। ৭৩ রানে চার উইকেট হারানোর পর ডগ ব্রেসওয়েলকে নিয়ে ৪৩ রানে প্রতিরোধ গড়া উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন সাকিব। আর ঘুরে দাঁড়াতে পারেনি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা তার ম্যাচসেরা পারফরম্যান্সে শুভ সূচনা করে।