গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের শিরোপা ধরে রাখার মিশন শুরু হলো দারুণ জয়ে। ওয়েস্ট ইন্ডিজের প্রভিডেন্সে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে তারা হারিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে।
৮ রানের জয়ে খালেদ ৩৬ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
আগে ব্যাটিংয়ে নেমে রংপুর ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়েছিল। সাইফ হাসানকে (১৮) ফিরিয়ে গুডাকেশ মোটি ব্রেকথ্রু আনেন। তারপর ১১ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি। মোটির পরের ওভারে সৌম্য সরকার ৩৫ রানে থামেন। ইমরান তাহির পরপর ফেরান আজমতউল্লাহ ওমরজাই ও ইয়াসির আলীকে।
৬০ রানে চার উইকেট হারানোর পর নুরুল হাসান সোহান (১৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে কাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ রংপুরকে পথে ফেরান। দুজনের ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে তারা ৫ উইকেটে ১৬২ রান করে।
মায়ার্স ৩১ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন। ২১ বলে ৩৪ রানে টিকে ছিলেন ইফতিখার।
লক্ষ্যে নেমে গায়ানা চতুর্থ ওভারে ২৯ রানে প্রথম উইকেট হারালেও জনসন চার্লস ও মঈন আলীর জুটিতে ঘুরে দাঁড়ায়। চার্লসকে (৪০) ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন হারমীত সিং।
৭৭ রানে ২ উইকেট হারানো গায়ানা আর উঠে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। খালেদ টানা দুই ওভারে উইকেট নেওয়ার পর ইনিংসের ১৯তম ওভারে পরপর দুই ব্যাটারকে ফেরান। ডেভিড উইজাকে আউট করে রংপুরের জয় নিশ্চিত করেন আজমতউল্লাহ ওমরজাই।
১৯.১ ওভারে গায়ানা ১৫৪ রানে অলআউট হয়।