লারা বলেছেন, তার রেকর্ড ভাঙা উচিত ছিল: মুল্ডার

সাধারণত রেকর্ড গড়ে খেলোয়াড়রা আলোচিত থাকলেও উইয়ান মুল্ডার সুযোগ পায়ে ঠেলে দিয়ে সবার মুখে মুখে। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের সামনে। কিন্তু ব্রায়ান লারার ৪০০ রানের অবিশ্বাস্য ইনিংস ছাড়িয়ে যাওয়ার কোনও ইচ্ছা ছিল না তার। ৩৬৭ রানে অপরাজিত থাকতে দলের ইনিংস ঘোষণা করেন তিনি। ক্যারিবিয়ান কিংবদন্তিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মুল্ডার। এনিয়ে লারার সঙ্গে কথা হয়েছে তার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট বলেছেন, তার রেকর্ড ভাঙার সুযোগ নেওয়া উচিত ছিল।

২০০৪ সালে এন্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানে অপরাজিত ছিলেন লারা। সেই ইনিংস মুল্ডারের পেছনে পড়তে বসেছিল। কিন্তু নিজে থেকে দক্ষিণ আফ্রিকান ব্যাটার থেমে যান। 

ইনিংস ঘোষণার পর আবেগঘন এক বক্তব্যে মুল্ডার বলেছিলেন, ‘ব্রায়ান লারা একজন লিজেন্ড। এমন একজন মানুষের রেকর্ডের প্রতি সম্মান জানানো উচিত। আমি মনে করি, তার সেই কীর্তি থাকারই কথা। আমি যদি আবারও এমন পরিস্থিতিতে যাই, আমি ঠিক একই সিদ্ধান্ত নেব।’

তবে লারা ভিন্ন মত পোষণ করেছে জানালেন মুল্ডার, ‘এখন এই বিষয়টি নিয়ে চর্চা বেশ কমে এসেছে। আমি ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, আমি নিজের কীর্তি গড়ছি এবং আমার এটা করা উচিত ছিল। তিনি বলেছেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। তার চাওয়া আমি আবার যেন সেই সুযোগ পাই এবং যেন তার চেয়ে বেশি রান করি।’

তিনি আরও বললেন, ‘এটা তার দিক থেকে মজার একটা দৃষ্টিকোণ। কিন্তু আমি এখনও বিশ্বাস করি আমি ঠিক কাজ করেছি এবং এই খেলাকে সম্মান করা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’