গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে সমান দুটি করে জয় পায় অস্ট্রেলিয়া ও ভারত। দুই দলই পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয় পায় এবং হেরে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে। চার ম্যাচের চারটিতে টানা জয় দিয়ে গ্রুপ-২ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠে নিউজিল্যান্ড। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই হেরে বাড়ি ফেরে বাংলাদেশ।
রবিবারের ম্যাচে জয় পাওয়া দলটি সেমিফাইনালে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গী হবে। তবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে স্বাগতিক ভারতকে পেছনে ফেলে সেমিতে পা রাখবে অসিরা।
স্বাভাবিকভাবেই মোহালিদের অসিদের জন্য স্পিন ফাঁদ পেতেছে ভারত। তেবে ওই স্পিন-ফাঁদে বিপদে পড়তে পারে ধোনির দলও। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও এমন স্পিন-ফাঁদ তৈরি করেছিল ভারত। সেই ম্যাচে উল্টো কিউই স্পিনারদের তোপের মুখে পড়ে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। ফলে মোহালির স্পিন-ফাঁদে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ভারতীয় শিবিরকে নাকাল করতে পারেন।
তবে ভারতের আত্মবিশ্বাসেরও কমতি নেই। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারতে হারতেও ১ রানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠে ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল। ঘরের মাঠে স্পিন-বান্ধব উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই ফেভারিট হয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া।
ভারতের জন্য আত্মবিশ্বাসের আরেকটা কারণ হলো- অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে সর্বশেষ পাঁচবারের সাক্ষাতেই জয় পেয়েছে ধোনির দল। এর মধ্যে গত মাসে ভারতকে তাদেরই মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। ফলে রবিবার মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিক শিবির।
ভারতের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা এবং জসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, জন হ্যাস্টিংস, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
/এমআর/