এজবাস্টন টেস্টে আম্পায়ার হিসেবে আলো ছড়ান বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই টেস্টে দারুণ আম্পায়ারিং করে এবার লর্ডসেও আছেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। বাংলাদেশের জন্য সৈকতের এই অর্জনকে গর্বের মনে করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পাশাপাশি তিনি বলেছেন, ‘সাকিব ক্রিকেটের আইকন হলে আম্পায়ারদের আইকন সৈকত।’
এজবাস্টন টেস্টের পুরো ম্যাচে সৈকত ছিলেন প্রায় নিখুঁত। তার দেওয়া ১০টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে দুই দল মিলে, চার ইনিংসে সর্বসাকুল্যে ২টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। সৈকতের এমন আম্পায়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। চলমান লর্ডস টেস্টেও এখন পর্যন্ত দারুণ আম্পায়ারিং করছেন তিনি।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে সৈকতের গুণকীর্তন করলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, ‘আমাদের আইকন খেলোয়াড় হিসেবে যদি সাকিবকে দেখেন, তাহলে আম্পায়ারিংয়ের ক্ষেত্রে সৈকত হচ্ছে আমাদের আইকন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটি তরুণদের জন্য অনুপ্রেরণার। চেষ্টা করলে, ট্যালেন্ট থাকলে আপনি এতদূর যেতে পারবেন। আজকে লর্ডস মাঠে ওকে আম্পায়িরিং করতে দেখা আমাদের বাংলাদেশিদের জন্য বিরাট গর্বের ব্যাপার।’