সিরিজে লোকেশ রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, সঙ্গে ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নেওয়ার কাছে ছিল ভারত। কিন্তু শেষ সেশনে ইংল্যান্ড তোপ দাগালো। তাতে স্কোর সমতায় রেখে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে তারাও অলআউট ৩৮৭ রানে। লর্ডস টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড শেষ ছয় মিনিটে দ্বিতীয় ইনিংস খেলতে নামলে জ্যাক ক্রলির বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ নিয়ে তার সঙ্গে এক দফা বচসা হয়েছে সফরকারী অধিনায়ক শুবমান গিলের। এক ওভারে ২ রান করে লিড নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
৩ উইকেটে ১৪৫ রানে দিনের খেলা শুরু করেছিল ভারত। রাহুল ৫৩ ও পান্ত ১৯ রানে অপরাজিত ছিলেন। দুজনেই নিজেদেরকে ছাড়িয়ে যান। ঝলমলে জুটিতে লাঞ্চ ব্রেকে যাওয়ার কাছে ছিলেন দুজন। কিন্তু ১৪১ রানের জুটি ভেঙে যায় পান্তের ৭৪ রানের ইনিংসের সমাধিতে।
৯৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা রাহুল ১৭৬ বলে ১৩ চারে সেঞ্চুরির দেখা পান। নিজের পরের বলে শোয়েব বশিরের শিকার হন ভারতীয় ওপেনার। থামেন ১০০ রানে।
নিতিশ কুমার রেড্ডিকে নিয়ে জাদেজা হাল ধরেন। ৯১ বলে ৩০ রানে নিতিশকে জেমি স্মিথের গ্লাভসে ধরা দিতে বাধ্য করেন বেন স্টোকস। ৭২ রানের জুটি ভেঙে যায় তাতে।
৫ উইকেটে ৩১৬ রানে চা বিরতিতে খেলতে নেমে ভারত সুবিধা করতে পারেনি। এই সেশনে নিতিশকে ফেরানোর পর জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের (২৩) প্রতিরোধই ছিল শেষ। জাদেজা ৭২ রানে আউট হলে ৫০ রানের জুটি ভাঙে।
আকাশ দীপ ছক্কা মেরে লিড নেওয়ার আভাস দিয়েছিলেন। তবে তিন রানের মধ্যে তাকেসহ শেষ তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জোফরা আর্চার ও স্টোকস।
তখনও দিন শেষ হওয়ার বাকি ছিল ১০ মিনিট। চার মিনিট পর মাঠে নামে দুই দল। ভারত দুই ওভার বল করার পরিকল্পনা করলেও ক্রলির চতুরতায় তারা সফল হয়নি। জসপ্রীত বুমরার দ্বিতীয় বলে দুটি রান নেন তিনি। তারপর ডট বল খেলে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে সময়ক্ষেপণ করেন ইংলিশ ওপেনার। ভারতীয় খেলোয়াড়রা বিরক্তি ধরে রাখতে পারেননি। গিল তো ক্রলির মুখোমুখি হয়ে ক্ষোভ ঝারেন। পঞ্চম বলটি গ্লাভসে আঘাত করলে ইংলিশ ব্যাটার ফিজিও ডাকেন। ভারতের খেলোয়াড়রা বিদ্রুপাত্মক হাততালি দিতে থাকেন। শেষ পর্যন্ত আরেক বল খেলা হতেই দিনের সমাপ্তি টানেন আম্পায়াররা।