টেস্টে দুটি ভারি পরাজয়ের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হতাশায় করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে তাদের সহজেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৫ বল হাতে রেখে প্রোটিয়ারা জিতেছে ৫ উইকেটে।
ম্যাচটা ছিল এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বছরের প্রথম। সব ফরম্যাটে সুকরি কনরাডের কোচ হওয়ার পর শিষ্যরা যেভাবে ১৪২ রান তাড়া করেছে তাতে তার সন্তুষ্টই হওয়ার কথা। অবশ্য শুরুটা ছিল নড়বড়ে। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তার পর অভিষিক্ত রুবিন হেরমানের ৪৫ রানের ধীরগতির ইনিংস উদ্ধার করেছে তাদের। চতুর্থ উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে তার ৭২ রানের জুটি জয়ের পথে নিয়ে যায় তাদের। দুজনের মধ্যে বিধ্বংসী ছিলেন ব্রেভিস। ১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। হেরমান জয়ের কাছে থাকা অবস্থায় ৪৫ রানে ফেরেন। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। তখন দলের স্কোর ১৩০ রানে ৫ উইকেট। তার পর অবশ্য করবিন বশেরর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ১৫.৫ ওভারেই জয় নিশ্চিত করে প্রোটিয়া দল। বশ ১৫ বলে ৩ চারে ২৩ রানে অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ের হয়ে ৩৫ রানে তিনটি উইকেট নেন রিচার্ড এনগারাভা। ১৫ রানে দুটি নিয়েছেন ট্রেভর গুয়ান্ডু।
এর আগে টস হেরে অধিনায়ক সিকান্দার রাজার ঝড়ে ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। রাজার ৩৮ বলের অপরাজিত ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তাছাড়া ব্রায়ান বেনেটের ২৮ বলে ৩০ ও রায়ান বার্ল ২০ বলে ২৯ রানের উল্লেখযোগ্য ইনিংস উপহার দিয়েছেন।
বল হাতে প্রোটিয়াদের হয়ে সেরা বোলার ছিলেন জর্জ লিন্ডে। ৩ ওভারে ১০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ ৭ ম্যাচ মিস করা লুঙ্গি এনগিদি ৪ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন একটি।