লর্ডসে বৃথা গেলো জাদেজার লড়াই, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়  

মাত্র ১৯৩ রানের সহজ লক্ষ্য, যা একদমই হাতের নাগালে ছিল ভারতের। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে এমন রান তাড়া করা চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু ক্রিকেট কখনও কখনও অপ্রত্যাশিত গল্পই লেখে। এজন্যই ক্রিকেটকে বলা হয় অনিশ্চিয়তার খেলা। সোমবার লর্ডসে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টের শেষ দিন তেমন এক অধ্যায়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। নিজেদের মাঠে যখন বেন স্টোকসরা জয়োল্লাসে ফেটে পড়লেন, তখন ভারতীয় ড্রেসিংরুমে নেমে এলো নীরবতা।

শেষ দিনে রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। সোমবার জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট। দুর্ভাগ্য জয় থেকে ২৩ রান দূরে থাকতে অলআউট হয়েছে ভারতীয় দল। তাদের দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট করে ২২ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল। 

২০১৯ সালের এই দিনে লর্ডসেই নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। বিশ্বকাপ না হলেও, আজকের ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চ যেন তারই ছায়া। বেন স্টোকসদের সেই পুরনো উদযাপনই যেন ফিরে আসে লর্ডসের সবুজ গালিচায়।

আগের দিনের ৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর সুযোগ পায়নি সফরকারীরা। ইংলিশ বোলারদের সামনে হারাতে থাকে একের পর এক উইকেট। মাত্র ১১২ রানে ৮ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় সফরকারী দল। ওপেনার লোকেশ রাহুল থিতু হয়েও ফেরেন ৫৮ বলে ৩৯ রান করে। তার পরেও ভারতের নবম উইকেট বেশ ভোগায় ইংল্যান্ডকে। জসপ্রীত বুমরাকে নিয়ে ৩৫ রানের একটি জুটি গড়েন রবীন্দ্র জাদেজা। ২২ ওভার ব্যাটিং করেন দুজন।

মূলত রবীন্দ্র জাদেজাই অবিশ্বাস্য কিছু করে দেখানোর পণ করেছিলেন। যার সামনে ইংল্যান্ড অনেকক্ষণ চেষ্টা করে গেলেও কিছুতেই সফল হচ্ছিল না। শেষ পর্যন্ত অধিনায়ক বেন স্টোকসই আনেন সাফল্য। ইনিংসের ৬২তম ওভারে তার একটি আলগা বলে পুল করতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দেন বুমরা। ভাঙে প্রতিরোধের দেয়াল। দশম উইকেটে মোহাম্মদ সিরাজকে নিয়ে জাদেজা ৮০ বলে ২৩ রানের আরেকটি জুটি গড়ে আবারও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তৃতীয় সেশনে শোয়েব বশিরের দারুণ এক ঘূর্ণি সিরাজের শরীর থেকে নিচে পড়ে গড়িয়ে গড়িয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দিলে সেখানেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। অপরপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দৃশ্যটি দেখেন ১৮১ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজি থাকা জাদেজা। ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।