আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২ নভেম্বর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার ৫টি স্টেডিয়ামে। মূল লড়াইয়ে আগে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর। আইসিসি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে।
মোট নয়টি দিবারাত্রির ম্যাচ আয়োজন করা হবে ভারতের বেঙ্গালুরু এবং শ্রীলঙ্কার কলম্বোর চার ভেন্যুতে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স ১ গ্রাউন্ড এবং কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম ও কলম্বো ক্রিকেট ক্লাবে হবে খেলা।
বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচই টুর্নামেন্টের যৌথ আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলবেন জ্যোতিরা। ২৭ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে।
৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপের পর্দা উঠবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর, ওই ম্যাচে কলম্বোয় প্রতিপক্ষ পাকিস্তান। ৭ অক্টোবরে গুয়াহাটিতে পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবেন জ্যোতিরা। ১০, ১৩ ও ১৬ অক্টোবর পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই তিনটি ম্যাচই ভারতের বিশাখাপত্তনমে। ২০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট আটটি দল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান।