স্যাবিনা পার্কে জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য পেয়েছিল ২০৪ রানের। অস্ট্রেলিয়া বল শুরু করলে তা দুর্গম পাহাড়ে ওঠার মতো কঠিন হয়ে দাঁড়ায়। অবিশ্বাস্যভাবে ১৪.৩ ওভারে তারা অলআউট হয় টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে, যেটাকে অধিনায়ক রোস্টন চেজ বললেন, ‘বেশ বিব্রতকর।’
মিচেল স্টার্ক মাত্র ১৫ বলের মধ্যে পাঁচ উইকেট নেন, যা টেস্ট ইতিহাসে দ্রুততম। স্কট বোল্যান্ড তার প্রথম হ্যাটট্রিকের দেখা পান। তাতে ঘরের মাঠে এমন লজ্জা পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
ম্যাচ শেষে চেজ বললেন, ‘এটা হৃদয়বিদারক যে আমরা জেতার মতো অবস্থায় থেকেও বাজে ব্যাটিং করলাম। এটা পুরো সিরিজেই বারবার ঘটেছে, এ কারণে এটা আরও বেশি হতাশাজনক। ৩০ রানের নিচে অলআউট হওয়া অবশ্যই বেশ বিব্রতকর।’
ব্যাটারদের জন্য পুরো সিরিজের কন্ডিশন ছিল কঠিন। কিন্তু এই লক্ষ্য ছোঁয়া বাস্তবসম্মত ছিল মনে করেন চেজ, ‘আমি ভেবেছিলাম এই লক্ষ্য ছোঁয়া সম্ভব। উইকেট ভালো ছিল মনে হয়েছে, ব্যাটিংয়ের জন্য। আমাদের মনে হয়েছিল, ২০৪ রান করা যেতো। কিন্তু তারপর ম্যাচ শুরু হতেই সেই রান পাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল।’
এমন বিব্রতকর হারের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তিন কিংবদন্তি ব্রায়ান লারা, ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসকে জরুরি বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছে। গত কয়েক সপ্তাহের চরম হতাশাজনক পারফরম্যান্স পর্যবেক্ষণে এই ওয়েস্ট ইন্ডিজ গ্রেটরা শিবনারায়ন চন্দরপল, ডেসমন্ড হেইনেস ও ইয়ান ব্রাডশর সঙ্গে ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটিতে যোগ দেবেন।
তিন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ তিন দিনেই হেরে গেছে। যার মধ্যে শেষটি ছিল চরম বিপর্যয়ের। এক রানের জন্য ১৯৫৫ সালে ২৬ রানে নিউজিল্যান্ডের অলআউট হওয়ার টেস্ট রেকর্ড ছোঁয়া হয়নি ক্যারিবিয়ানদের।