লর্ডস টেস্ট জিতলেও স্বস্তিতে থাকতে পারছে না ইংল্যান্ড। স্লো ওভার রেটের কারণে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুটি পয়েন্ট কাটা গেছে তাদের। জরিমানা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশও।
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ২২ রানে জিতে সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দল। আর সেই ম্যাচেই নির্ধারিত সময়ে ২ ওভার কম ছিল তাদের। একই ম্যাচে ডিউক বলের আকৃতি ঠিক না থাকায় বেশ কয়েকবার সেটা বদলাতেও হয়েছে।
বিবৃতিতে আইসিসি বলেছে, ‘ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস অপরাধ স্বীকার করেছেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।’
নির্ধারিত সময়ে ওভার শেষ না হলে প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা হয়। পাশাপাশি দল হারায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি পয়েন্ট।
এই পয়েন্ট কাটার ফলে ইংল্যান্ড পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে। শ্রীলঙ্কা তাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
এদিকে, এই সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ী অস্ট্রেলিয়া নতুন ২০২৫-২০২৭ চক্রে শীর্ষস্থানে রয়েছে।