মিরপুরের উইকেটের সমালোচনায় পাকিস্তান অধিনায়ক

ঐতিহ্যগতভাবেই মিরপুরের উইকেট কিছুটা ধীরগতির হয়ে থাকে। এখানে স্পিনারদের বাড়তি সুবিধা বরাবরই। এমন উইকেটে রবিবার পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ১১০ রানে অলআউট করার পর তারা ২৭ বল আগেই ৭ উইকেটে জিতে গেছে। বাংলাদেশের কাছে এমন বিধ্বস্ত হওয়ার পর উইকেটের সমালোচনা করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘বাংলাদেশে এলে এমন পিচই আশা করতে হয়। এখানে খুব একটা ভালো উইকেট পাওয়া যায় না। আমরা এটা অনুমান করেছিলাম। কিন্তু পারফরম্যান্সে আমরা মান অনুযায়ী খেলতে পারিনি। স্ট্রাইক রোটেট আরও ভালোভাবে করা উচিত ছিল।’

ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে পরের ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানী অধিনায়ক, ‘আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ফেলেছি। বোর্ডে যথেষ্ট রান তুলতে পারিনি। অবশ্যই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করবো, পরের ম্যাচে ভালো করতে হবে।’

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১১০ রান খুব বেশি সংগ্রহ নয়। এত কম পুঁজি নিয়ে বোলাররা ভালো বোলিং করেছেন বলে দাবি করেন সালমান, ‘১১০ রান ডিফেন্ড করা কঠিন, বিশেষ করে যখন ভুল করার সুযোগ নেই। আমার মনে হয় বোলাররা ভালো করেছে। তবে ব্যাটিংয়েই ঘাটতি ছিল, পরের ম্যাচে এটা ঠিক করতে হবে।’