বিশ্বজুড়ে টি-টোয়েন্টির পাশাপাশি বাড়ছে টি-টেন লিগের জনপ্রিয়তা, সঙ্গে বাড়ছে বিতর্কও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে সময়মতো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হয়েছে ক্যারিবিয়ানে অনুষ্ঠিত ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট। এই আসরে খেলছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররা। অথচ টুর্নামেন্টের মাঝপথেই বিপাকে পড়েছেন তারা। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার কারণে নির্ধারিত পাঁচটি ম্যাচই স্থগিত করতে হয়েছে।
চুক্তি অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগে পারিশ্রমিক পরিশোধের কথা ছিল আয়োজকদের। কিন্তু বেশিরভাগ ক্রিকেটার এখনও বেতন পাননি। তাই তারা একজোট হয়ে ম্যাচে না নামার সিদ্ধান্ত নেন।
ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেছেন, ‘ক্রিকেটাররা যে চুক্তি অনুযায়ী টাকা এখনও পায়নি, সেটা খুবই হতাশাজনক। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। অর্থহীন কিছু কাগজ তৈরি করে খেলোয়াড়দের চুক্তি করা হয়েছে। এটা এক ধরনের নিষিদ্ধ ক্রিকেট লিগ। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের রক্ষা করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।’
লিগে মায়ামি ব্লেজ দলের অধিনায়ক হিসেবে সাকিব ছিলেন দারুণ ছন্দে। ব্যাট হাতে ছয় ম্যাচে করেছেন ৫২ রান, স্ট্রাইক রেট ১৫৭.৫৭। সর্বোচ্চ রান ৩৩। বল হাতে নিয়েছেন ৫ উইকেট, সেরা বোলিং ফিগার ২/১১। সাকিবের নেতৃত্বে ভালো অবস্থানে ছিল দলটি। কিন্তু আর্থিক অনিশ্চয়তায় এখন সব কিছুই উল্টো পথে হাঁটছে।