একাদশে পাঁচ পরিবর্তনের ব্যাখ্যায় যা বললেন লিটন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই তিন টি-টোয়েন্টির সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। শেষ ম্যাচে তাই বেঞ্চ শক্তি পরীক্ষা করার সুযোগ ছিল। যদিও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল তাদের সামনে। এজন্য আগের দুই ম্যাচের একাদশ নিয়ে খেলতে পারতো বাংলাদেশ। কিন্তু বড় ধরনের পরিবর্তন এনে হার দেখলো তারা। দলে পাঁচ পরিবর্তন তাদের জন্য কাল হলো।

শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় দারুণ ফর্মে থাকা পারভেজ হোসেন ইমনকে। অসুস্থ ছিলেন তাওহীদ হৃদয়। বাদ পড়েন চমৎকার বোলিং করা মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তানজিম হাসান সাকিবকেও সরে যেতে হয়েছে।। তাদের জায়গায় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম। এদের মধ্যে নাসুম ছাড়া সবাই ব্যর্থ।

দলে এত পরিবর্তনের ব্যাখ্যায় অধিনায়ক লিটন দাস বললেন, ‘আমাদের যে ১৬ জনের স্কোয়াড, সবার সামর্থ্য আছে ম্যাচ খেলার। তাসকিন প্রথম ম্যাচেও খেলেছে। সাইফউদ্দিন অনেক ধরে খেলছিল না, তাকে দেখার একটা বিষয় ছিল। তামিম (তানজিদ হাসান) তো আমাদের একজন (নিয়মিত) ওপেনার। সে একাদশে ফিরেছে। হৃদয়য়ের ব্যাপারটি হলো, সে অসুস্থ, জ্বরের কারণে খেলতে পারেনি। আর নাসুম একটি ম্যাচ খেললো।’

ভবিষ্যতের দিকে তাকিয়ে বেঞ্চ শক্তি পরীক্ষার কথা জানালেন তিনি, ‘যখন স্কোয়াড ঘোষণা হয়, এটা বাংলাদেশের সেরা স্কোয়াডই থাকে, ১৬ জন সদস্য। আমাদের কাজ হচ্ছে, এই ১৬ জন থেকে একাদশ বাছাই করা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বাছাই করা একাদশ যেন ম্যাচ জিততে পারি। প্রথম লক্ষ্য থাকে দল যেন জিততে পারে, সেটা যেই খেলুক না কেন। সেদিক থেকে চিন্তা করলে, যাদেরকে খেলানো হয়েছে, সবাই ভালো পারফর্মার। কিছু কিছু ব্যাপার ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। সেজন্যই আজকে সবাইকে সুযোগ দেওয়া হয়েছিল।’