রুটের কীর্তিময় দিনে ওল্ড ট্রাফোর্ড টেস্টের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে

ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিন দাপট দেখালো ইংল্যান্ড। ভারতের বিপক্ষে এদিন তারা পাঁচ উইকেট হারিয়ে ৩১৯ রান করেছে। প্রথম ইনিংসে ১৮৬ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। শুক্রবারের খেলায় নানান কীর্তি গড়ে আলো ছড়ান জো রুট। ৩৮তম সেঞ্চুরির পর টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় দুই নম্বরে উঠে গেছেন ইংলিশ ব্যাটার।

ভারতের ৩৫৮ রানের জবাবে দিন শেষে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান করেছে। ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলে রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিংকে (১৩,৩৭৮) ছাড়িয়ে এখন শচীন টেন্ডুলকারের (১৫,৯২১) পরে অবস্থান করছেন রুট। তার মোট রান ১৩ হাজার ৪০৯। ভারতের বিপক্ষে ১২তম টেস্ট সেঞ্চুরিতে স্টিভ স্মিথকে (১১) ছাড়িয়ে এখন রুটই শীর্ষে।

অলি পোপ ২০ ও রুট ১১ রানে দিনের খেলা শুরু করেন। লাঞ্চেও তারা ছিলেন অপ্রতিরোধ্য। ১৪৪ রানে ভাঙে তাদের জুটি। ১২৮ বলে ৭ চারে ৭১ রানে ওয়াশিংটন সুন্দরের শিকার হন পোপ। হ্যারি ব্রুককেও (৩) ফেরান ভারতীয় বোলার।

তারপর বেন স্টোকসকে নিয়ে দুর্বার রুট। ১৪২ রানের এই জুটিতে ছেদ পড়ে স্টোকস রিটায়ার্ড হার্ট হলে। এরপর দ্রুত তিন উইকেট হারায় ইংল্যান্ড। ২৪৮ বলে ১৪ চারে সাজানো রুটের ইনিংস থামে রবীন্দ্র জাদেজার বলে। জেমি স্মিথ (৯) ও ক্রিস ওকস (৪) প্যাভিলিয়নে ফেরেন। ৭ উইকেট পড়ার পর স্টোকস ৬৬ রানে ফের ক্রিজে নামেন। দিন শেষে তিনি ৭৭ রানে অপরাজিত। লিয়াম ডওসন ২১ রানে খেলছেন।

এদিন ওয়াশিংটন ও জাদেজা দুটি উইকেট নিয়ে ভারতের সফল বোলার।