প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩১১ রানের লিড নিয়ে শুরুতেই ভারতের দুটি উইকেট নিয়েছিল। শেষদিনেও বোলাররা দাপট দেখাতে পারবে এমন আশায় ছিল তারা। কিন্তু ভারত তীব্র প্রতিরোধ গড়লো। লোকেশ রাহুলের ১০ রানের আক্ষেপের পর শুবমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ওল্ড ট্রাফোর্ড টেস্ট বাঁচালো তারা। সিরিজেও টিকে রইলো।
দুই উইকেটে ১৭৪ রানে শেষ দিন খেলতে নামে ভারত। সেট হওয়া দুই ব্যাটার গিল ও রাহুলের সামনে সেঞ্চুরির হাতছানি। কিন্তু ১০ রানের আক্ষেপ নিয়ে দিনের অষ্টম ওভারে ফিরতে হয় রাহুলকে। ৯০ রানে তাকে মাঠছাড়া করেন বেন স্টোকস। তবে গিল চলতি সিরিজে চতুর্থ সেঞ্চুরিতে ভারতের ম্যাচ বাঁচানোর আশা জাগিয়ে রাখেন। লাঞ্চের আগ মুহূর্তে ভারত অধিনায়ককে আউট করেন জোফরা আর্চার। দলীয় ২২২ রানে গিলের বিদায়ে শঙ্কার মেঘ নেমেছিল ভারতের ড্রেসিংরুমে। তার ব্যাটে আসে ১০৩ রান।
কিন্তু পুরো দুই সেশনে দাঁত কামড়ে ক্রিজে পড়ে থেকে স্বাগতিকদের হতাশ করেন জাদেজা ও ওয়াশিংটন। তারা দুজনেই সেঞ্চুরি করেন। তাদের ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে ড্রয়ের দেখা পায় ভারত।
২০৬ বলে ৯ চার ও ১ ছয়ে ওয়াশিংটন প্রথম সেঞ্চুরির দেখা পেতেই ম্যাচ শেষের ঘোষণা আসে। ১৮৫ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০৭ রানে অপরাজিত ছিলেন জাদেজা। ৪ উইকেটে ভারত দ্বিতীয় ইনিংসে ৪২৫ রান সংগ্রহ করে।
প্রথম ইনিংসে ভারতে ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ৬৬৯ রান করে।
১৪১ রান করা ও এক ইনিংসে পাঁচটিসহ ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা স্টোকস।
২-১ এ এগিয়ে থেকে ইংল্যান্ড সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ওভালে খেলবে। সিরিজ ভাগাভাগি করতে সেই ম্যাচ ভারতকে জিততেই হবে।