ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি গায়ে থাকা এক দর্শককে হেনস্থার অভিযোগ উঠেছে। ল্যাঙ্কাশায়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, তারা ওই ঘটনার তদন্ত করছে।
হেনস্থার স্বীকার হওয়া ওই দর্শক অভিযোগ করেছেন, গ্যালারিতে পাকিস্তানের জার্সি গায়ে থাকায় নিরাপত্তা কর্মীরা তাকে জার্সি ঢেকে ফেলার জন্য চাপ দিচ্ছিলেন।
পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ওই দর্শকের নাম ফারুক নাজর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় মাঠের একজন নিরাপত্তা কর্মী প্রথমে তাকে জার্সিটি ঢেকে রাখতে বলেন। ওই জার্সিটি পাকিস্তানের ঐতিহ্যবাহী সবুজ রঙের সীমিত ওভারের জার্সির রেপ্লিকা।
ফারুক নাজরকে ওই মুহূর্তে ল্যাঙ্কাশায়ারের নিরাপত্তা কর্মী পরিচয় দেওয়া একজন বলেন, ‘কন্ট্রোল রুম থেকে আমাকে বলা হয়েছে আপনি দয়া করে জার্সিটি ঢেকে রাখবেন কিনা।’ পরে আরও একজন কর্মীকে বলতে শোনা যায়, ‘জার্সিটি জাতীয়তাবাদী হিসেবে বিবেচিত হতে পারে।’
ভিডিওতে দেখা যায়, ফারুক নজর ক্রমে উত্তেজিত হয়ে পড়েন। কারণ তাকে বারবার জার্সি ঢেকে ফেলতে বলা হচ্ছিল। পরে এক পুলিশ কর্মকর্তা তার কাছে এসে বলেন, তারা যেন গ্যালারির বাইরে গিয়ে আলোচনা চালিয়ে যান।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তার পর নজর মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তিনি জার্সিটি ঢেকে রাখতে রাজি হননি।
ওই ঘটনা কোন দিন ঘটেছিল সেটি নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ড্র হওয়া টেস্টে ওই ঘটনার সত্যতা স্বীকার করেছে ল্যাঙ্কাশায়ার। তারা বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছে, ‘আমরা উল্লিখিত ঘটনাটি সম্পর্কে অবগত এবং পুরো বিষয়টি বোঝার জন্য আমরা প্রেক্ষাপটসহ সব তথ্য জানার চেষ্টা করছি,।’
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক অনেক দিন ধরেই শীতল। এই বছর সেটা আবার সংঘাতে রুপ নেয়। বিশেষ করে মে মাসে সীমান্তে সংক্ষিপ্ত সামরিক সংঘর্ষের পর। এই উত্তেজনার প্রভাব বিসিসিআই ও পিসিবির সম্পর্কেও প্রভাব ফেলে। আইসিসি আয়োজিত ইভেন্টে অংশগ্রহণ নিয়েও সমস্যা দেখা দেয়। ফলে ম্যাচ আয়োজনে বেছে নিতে হয় নিরপেক্ষ ভেন্যু।
তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে, ল্যাঙ্কাশায়ারও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে খোলাখুলি কথা বলেছে। ওল্ড ট্র্যাফোর্ড ভিত্তিক দ্য হান্ড্রেডের একটি দলের নাম ম্যানচেস্টার অরিজিনালস, যেটির ৭০% মালিকানা ভারতের সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের হাতে যেতে পারে। তারা আবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসেরও মালিক। ল্যাঙ্কাশায়ারের প্রধান নির্বাহী ড্যানিয়েল গিডনি আবার বিসিসিআইকে হান্ড্রেড টুর্নামেন্টে অংশীদারিত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।