সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে জিম্বাবুয়ে দলে টেলর

আইসিসির দুর্নীতি বিরোধী ও অ্যান্টিডোপিং বিধি লংঘনের দায়ে সাড়ে তিন বছরের জন্য ব্রেন্ডন টেলরকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই শাস্তির মেয়াদ শেষ হয়েছে গত ২৫ জুলাই। নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তাকে যুক্ত করা হয়েছে।

২০২২ সালের জানুয়ারিতে নিষিদ্ধ হন টেলর। ২০১৯ সালে দিল্লিতে গিয়ে এক ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার নেন তিনি। জিম্বাবুয়েতে একটি ব্যক্তিগত টি-টোয়েন্টি লিগ চালু করার জন্য ওই ব্যক্তির আমন্ত্রণে ভারতে যান অভিজ্ঞ ব্যাটার। আলোচনা ফলপ্রসূ হলে আরও ২০ হাজার ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে।

আইসিসি পরে জানায়, টেলর তার এই প্রস্তাব পাওয়ার কথা দেরিতে তাদেরকে জানায়। দেশে ফেরার পর কোকেন নিয়ে ড্রাগ টেস্টেও ব্যর্থ হন তিনি।

ওই সফরে গিয়ে টেলর একটি স্যামসাং এস১০ ফোন উপহার পান। এছাড়া প্রয়োজনীয় কেনাকাটার জন্য দেওয়া হয় বাড়তি অর্থ।

আইসিসি তাদের নিষেধাজ্ঞা আরোপ করার কয়েক দিন আগে টেলর সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার কথা স্বীকার করে জানান, ‘আমার হয়তো অনেক কিছু হয়েছে। কিন্তু আমি প্রতারক নই।’

নিষেধাজ্ঞা শেষ করে এবং দীর্ঘ পুনর্বাসন কর্মসূচি শেষে আবারও জিম্বাবুয়ে দলে ফিরলেন টেলর। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি প্রথম টেস্ট সামনে রেখে স্কোয়াডের অনুশীলনে যোগ দেন তিনি।