নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আয়োজক নেপাল

২০২৬ সালের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ভেন্যু চূড়ান্ত হয়েছে। যার আয়োজক হয়েছে নেপালে। দেশটিতে আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যু কাঠমাণ্ডুর লোয়ার মুলপানি ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়াম। বাছাইয়ের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশিত হয়নি। 

মূল পর্বে ৪টি জায়গার জন্য বাছাইয়ে লড়াই করবে ১০টি দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জুন-জুলাই। বাছাইয়ের জন্য এখন পর্যন্ত ৫টি দল চূড়ান্ত হয়েছে। 

বাংলাদেশ, আয়ারল্যান্ড বাছাই নিশ্চিত করেছে। এশিয়ার বাছাই থেকে চূড়ান্ত হয়েছে থাইল্যান্ড ও নেপাল। আর আমেরিকার বাছাই থেকে শুধু যুক্তরাষ্ট্র। বাকি ৫টি দল আঞ্চলিক বাছাই পর্বগুলো থেকে নিশ্চিত হবে। যার দুটি করে আসবে আফ্রিকা ও ইউরোপ থেকে। আরেকটি আসবে পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে।  

বাছাইয়ে ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি দল। সেরা ৬টি দল খেলবে সুপার সিক্সে। তার পর ফাইনাল। 

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ১২টি দল অংশ নেবে। যা এতদিন ১০টি দল নিয়ে মাঠে গড়াতো। গত বছরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।