কাঁধের চোট নিয়েও ব্যাট করতে নামবেন ওকস

সিরিজের শেষ টেস্টে গুরুতর চোট পেয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকস। নড়ে গেছে তার কাঁধের হাড়। ম্যাচ থেকে ছিটকে গেছেন পুরোপুরি। কিন্তু সেই ওকসকে দলের প্রয়োজনে ভারতের বিপক্ষে শেষ দিনে ব্যাট করতে দেখা যেতে পারে। 

ওকস শুরুর দিনে চোট পাওয়ার পর আর মাঠেই নামেননি। বাউন্ডারি সেভ করতে গিয়ে ডাইভ দিয়ে কাঁধে মারাত্মক আঘাত পেয়েছেন। কিন্তু এখন ১১ নম্বরে ব্যাটিংয়ে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত। যদি বাকি ৩৫ রান তাড়া করতে দলের তার প্রয়োজন হয়, তিনি সেটা করতে তৈরি। ইংল্যান্ড অধিনায়ক জো রুট সেই কথাই জানিয়েছেন চতুর্থ দিনের ম্যাচের পর, ‘বাকিদের মতো সেও পুরোপুরি প্রস্তুত। এটা তেমন সিরিজ, যেখানে সবাই নিজেদের শরীর ঝুঁকিতে ফেলে খেলতেও পিছপা হবে না। আশা করি হয়তো শেষ পর্যন্ত তেমন কিছু হবে না। কিন্তু সে খেলার জন্য এতই প্রস্তুত যে কিছু থ্রো ডাউনও খেলেছে এবং প্রয়োজন পড়লে নামতে রাজি... সব কিছু করতে সে মরিয়া।’ 

ওকসের বাঁহাত এখন স্লিংয়ে ঝুলছে। তাই এটা নিশ্চিত নয় ওকস কোন হাতে ব্যাটিং করবেন। রুট জানিয়েছেন, ‘আমি নিশ্চিত নই, কারণ নিজ চোখে ওকে অনুশীলন করতে দেখিনি। পরের দিন হয়তো থ্রো ডাউন থেকে একটা ইঙ্গিত মিলতে পারে।’

শেষ টেস্টে শুরুতে মনে হচ্ছিল ভালো অবস্থানেই আছে ইংল্যান্ড। ৩৭৪ রানের লক্ষ্যে এক পর্যায়ে তিন উইকেটে দলটির সংগ্রহ ছিল ৩০১ রান। দাপুটে জুটি গড়েন জো রুট (১০৫) ও হ্যারি ব্রুক (১১১)। তাদের ১৯৫ রানের জুটি ভাঙার পর মোমেন্টাম বদলে যায় ম্যাচের।  ৬ উইকেটে ৩৩৯ রানে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। শেষ দিনে প্রয়োজন ৩৫ রান। হঠাৎ ধস থেকেই এখন শঙ্কা জাগছে যে শেষ দিকে হয়তো ওকসকেও নামতে হতে পারে।