রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ছিল দ্য ওভাল টেস্ট। শেষ দিন পঞ্চম টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট। কিন্তু মোহাম্মদ সিরাজ যেন পণ করে নেমেছিলেন। ৩৭৪ রানের লক্ষ্যে তার বোলিং তোপে ৩৬৭ রানেই শেষ হয়েছে ইংলিশদের ইনিংস। ৬ রানের নাটকীয় জয়ে ৫ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে ভারতীয় দল।
৩৭৪ রানের লক্ষ্যের বিপরীতে ইংলিশদের লড়াই ছাপিয়ে সবার নজর ছিল ক্রিস ওকসের ওপর। ভারতের বোলিং তোপ এতটাই মারাত্মক ছিল যে চোটগ্রস্ত ওকসকেও এক হাতে খেলতে নামতে বাধ্য করে। ৯ উইকেট পতনের পর ওকস দলের প্রয়োজনে আহত অবস্থাতেও স্লিংয়ে ঝুলিয়ে রাখা বাঁহাত সোয়েটারের ভেতরে ঢেকে মাঠে নেমেছিলেন। অ্যাটকিনসন তার পরেও লড়াই চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন। ওভারের শেষ দিকে এসে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রেখে ইংলিশদের মাঝে আশার সঞ্চার করছিলেন। কিন্তু সিরাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৮৫.১ ওভারেই কাটা পড়েন অ্যাটকিনসন। আগ্রাসী হওয়ার চেষ্টা ও তাতে সফল হচ্ছিলেন বলে দুর্দান্ত এক ইয়র্কারে তাকে বোল্ড করেন সিরাজ। তাতেই মেলে ৬ রানের নাটকীয় এক জয়।
অথচ দিনের শুরুর ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণকে দুটি চার মেরে ইতিবাচক লড়াইয়ের ইঙ্গিত দেন আগের দিনের অপরাজিত ব্যাটার ওভারটন। কিন্তু পরের ওভারের তৃতীয় বলে জেমি স্মিথকে (২) ফিরিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন সিরাজ। এক ওভার বিরতি দিয়ে সিরাজ ওভারটনকেও (৯) তুলে নিলে ম্যাচটা পুরোপুরি ভারতের দিকে হেলে পড়ে। অ্যাটকিনসন তার পর লড়াই চালিয়ে যেতে থাকেন। কিন্তু অপরপ্রান্ত পুরোপুরি অরক্ষিত করে ছাড়ে ভারত। নতুন নামা জশ টাংকে প্রসিদ্ধ কৃষ্ণ দ্রুত সময়ে বোল্ড করলে ইংলিশদের ৯ উইকেটের পতনে ভারতের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু অ্যাটকিনসন ছক্কা মেরে ব্যবধান কমিয়ে ভারতীয়দের মনে ভয় ছড়াচ্ছিলেন। ক্রিস ওকস শুধু সিঙ্গেল নেওয়ার জন্য প্রান্ত বদলের কাজটুকু করছিলেন। তার পরেও শেষ রক্ষা হয়নি ইংলিশদের।
দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা সিরাজ। সিরিজ সেরা ৪৮১ রান করা হ্যারি ব্রুক।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২২৪ (নায়ের ৫৭, সুদর্শন ৩৮; অ্যাটকিনসন ৫/৩৩, টাং ৩/৫৭) ও ৩৯৬ (জয়সওয়াল ১১৮, আকাশ ৬৬,জাদেজা ৫৩, ওয়াশিংটন ৫৩; টাং ৫/১২৫, অ্যাটকিনসন ৩/১২৭)
ইংল্যান্ড ২৪৭ (ক্রলি ৬৪, ব্রুক ৫৩; সিরাজ ৪/৮৬, কৃষ্ণ ৪/৬২) ও ৩৬৭, লক্ষ্য: ৩৭৪ (রুট ১০৫, ব্রুক ১১১; সিরাজ ১০৪/৫, প্রসিদ্ধ ১২৬/৪)
ফল: ভারত ৬ রানে জয়ী।