ওভালে ভারতকে জিতিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সিরাজ-কৃষ্ণা

ইংল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে স্মরণীয় পারফরম্যান্স করে ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা ক্যারিয়ার সেরা ৬৭৪ ও ৩৬৮ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

পঞ্চম টেস্টের ম্যাচসেরা সিরাজ আইসিসি পুরুষ টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন। আরেক পেসার কৃষ্ণা ২৫ ধাপ লাফিয়ে ৫৯তম। ট্রফি নির্ধারণী টেস্টে ছয় রানের জয়ে আট উইকেট নেন তিনি।

টেস্ট র‌্যাঙ্কিয়ে সিরাজ ও কৃষ্ণা তাদের ক্যারিয়ার সেরা অবস্থানে। 

ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং তাদের ক্যারিয়ার সেরা জায়গায় উঠে গেছেন। দুজনেই ওভাল টেস্টে ৮টি করে উইকেট নেন। প্রথমবার সেরা দশে অ্যাটকিনসন। টাং ১৪ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিং টেবিলে ৪৬তম স্থানে।

ওভালের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল তিন ধাপ উন্নতি করে ব্যাটার র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। ৭৯২ রেটিং পয়েন্ট তার। অন্য দুই সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক ব্যাটার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে অবস্থান করছেন।

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজ শেষে ড্যারিল মিচেল চার ধাপ উন্নীত হয়ে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন। তার সতীর্থ ম্যাট হেনরি ক্যারিয়ার সেরা ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন ধাপ লাফিয়ে চার নম্বরে।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার টিম ডেভিড দুই ধাপ উপরে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার সেঞ্চুরিতে ১৬তম স্থানে তিনি। পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব ৩৭ নম্বরে, ফ্লোরিডায় দারুণ পারফর্ম করে ২৫ ধাপ এগিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ টি-টোয়েন্টি বোলার জেসন হোল্ডার ২৩ ধাপ লাফিয়ে বোলার র‌্যাঙ্কিংয়ে কেশভ মহারাজের সঙ্গে যৌথভাবে ৩২তম স্থানে।