ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ

বয়সভিত্তিক ক্রিকেট থেকে ঝরে পড়া ক্রিকেটারদের নতুন করে আরও একটি সুযোগ করে দিতেই রাজশাহীতে ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৫ জুলাই উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের। রাজশাহী বিভাগের ৮ জেলা এতে অংশগ্রহণ করে। বুধবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সিরাজগঞ্জ ও রাজশাহী বিভাগ। চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জ।

বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলে যারা ভালো খেলেও নানা কারণে বাদ পড়ে গেছেন, মূলত তাদের আরও একবার সুযোগ দিতেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রাজশাহী বিভাগের আটটি জেলা দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করেছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

বুধবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ফাইনালে আগে ব্যাটিং করে সিরাজগঞ্জ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ১০৫ রানে অলআউট হয় রাজশাহী বিভাগ। তাতেই ৫৭ রানের বড় জয়ে ট্রফি জয়ের আনন্দে মাততে পারে সিরাজগঞ্জ।

পুরো টুর্নামেন্টটি তদারকি করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের হেড অফ অপারেশনস হাবিবুল বাশার সুমন। বুধবার ফাইনাল শেষে তিনি বিসিবির পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন বাচ্চাদের জন্য এই টুর্নামেন্টটি দারুণ কাজে দিয়েছে, ‘এই অফসিজনে আমরা এই ছেলেদের খেলার সুযোগ করে দিতে পেরেছি। আবহাওয়া অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই বাচ্চাদের খেলার একটা সুযোগ করে দেওয়া। প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ তৈরি করে দেওয়া। সবমিলিয়ে আমাদের তরফ থেকে আমরা খুব খুশি।’

হাবিবুল আরও যোগ করে বলেছেন, ‘এখানে মোহাম্মদ রফিকের মতো খেলোয়াড় এসেছেন। জাবেদ ওমর বেলিম এসেছেন। প্লেয়ারদের সঙ্গে তারা কথা বলেছেন। ওদের জন্য এটা দারুণ অভিজ্ঞতা। আমি মনে করি এমন কিছু এর আগে কখনোই হয়নি। সবমিলিয়ে বাচ্চারা উপকৃত হয়েছে বলেই বিশ্বাস করি।’