পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজ ওয়ানডে স্কোয়াডে শেফার্ড, বিশ্রামে আলজারি

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডের জন্য প্রস্তুত। বুধবার এই হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে তারা। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ফাস্ট বোলার আলজারি জোসেফকে বিশ্রাম দেওয়া হয়েছে। অলরাউন্ডার রোমারিও শেফার্ড ফিরেছেন।

শেফার্ড শেষবার ওয়ানডে ক্রিকেট খেলেন ২০২৪ সালের ডিসেম্বরে। এই বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার।

ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়ে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

আলজারির অনুপস্থিতিতে বাঁহাতি সিমার জেডিয়াহ ব্লেডসকে স্কোয়াডে নেওয়া হয়েছে। নতুন বলে সুইংয়ে পারদর্শী ২৩ বছর বয়সী এই বোলার কেবল একটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। দলের অন্যরা পরিচিত মুখ। 

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হারলেও ঘরের মাঠে ওয়ানডেতে দারুণ ফর্মে ক্যারিবিয়ানরা। নিজ মাটিতে তারা সবশেষ তিনটি ওয়ানডে সিরিজই জিতেছে। আগামী ৮, ১০ ও ১২ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে পাকিস্তানের বিপক্ষে হবে তিন ম্যাচের সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।