এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখেন আকরাম

আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বৃহস্পতিবার গণমাধ্যমকে এমনটাই জানান তিনি।

বাংলাদেশ এ পর্যন্ত এশিয়া কাপের ফাইনাল খেলেছে তিনবার। ২০১২ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খুব কাছে গিয়েও হার দেখেছে তারা। এরপর ২০১৬ সালের ফাইনালে হারে ভারতের কাছে। ২০১৮ সালে প্রথমবারের মতো দেশের বাইরে এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে সেবারও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলের। এরপর দুই আসর চলে গেলেও আর ফাইনালে খেলতে পারেনি।

দল নিয়ে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে আকরাম বলেছেন, ‘১০০% (চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ)। আপনি যদি ফাইনাল খেলতে পারেন তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? বিশ্বাসটা আছে, শতভাগ আছে। টি-টোয়েন্টিতে মনে করবেন না অতি আত্মবিশ্বাসী। যদি ঠিকঠাক ক্রিকেট আমরা খেলি।’

আগের আসরগুলোর উদাহরণ দিতে গিয়ে আকরাম বলেছেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারে না। যে ভালো খেলবে সে জিতবে এবং এক-দুইটা ওভারে কিন্তু খেলা বদলে যায়। আমার কাছে মনে হচ্ছে, আমাদের খুব ভালো একটা সম্ভাবনা আছে। যেহেতু আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতেছি, পাকিস্তানের মতো দলকে হারিয়েছি। যদি আমরা ঠিকঠাক ক্রিকেট খেলি—আমরা খেলোয়াড়রা যে ধরনের ক্রিকেট খেলে সেটা যদি খেলে, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো করবো।’

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাদের সবগুলো ম্যাচই আবু ধাবিতে অনুষ্ঠিত হবে।