পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে: হৃদয় 

মিরপুরে চলছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলে যোগ দেননি তাওহীদ হৃদয়। শুরুতে জানা গিয়েছিল নিজের চিকিৎসার জন্য লন্ডনে গেছেন মিডল অর্ডার এই ব্যাটার। কিছু কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, চুলের চিকিৎসার জন্য তুরস্কে গেছেন তারকা এই ক্রিকেটার। মূলত মায়ের চিকিৎসা সংক্রান্ত ব্যস্ততায় কাটছে তার দিন। মানুষের ভুল ব্যাখ্যায় বিরক্ত হয়ে আজ নিজের ফেসবুকে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

শুরুতেই হৃদয় লিখেছেন, ‘দেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এতো ফোন….।’ 

এরপর হৃদয় আরও যোগ করেছেন, ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’