মেজর লি ক্রিকেট ও আইএল টি-টোয়েন্টিতে এমআই ফ্র্যাঞ্চাইজির পর নিকোলাস পুরান এবার স্বদেশী লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অধিনায়কত্ব পেলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে নেতৃত্ব দেবেন তিনি।
২০১৯ সালে ডোয়াইন ব্রাভোর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ত্রিনবাগোকে নেতৃত্ব দেওয়া কিয়েরন পোলার্ডের কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন পুরান।
নতুন অধিনায়ক বললেন, ‘এটা আমার কাছে অনেক কিছু, প্রথম ও সর্বাগ্রে, ত্রিনবাগো নাইট রাইডার্সকে প্রতিনিধিত্ব করা। এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বিরাট পাওয়া। আমি আমার সেরাটা দিতে চাই এবং আশা করি আমি যত বেশি সম্ভব সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। এটা একটা দায়িত্ব যেটা ব্রাভোর কাছ থেকে পোলার্ডের কাছ, এখন আমার কাছে এসেছে।’
অধিনায়কত্ব ছাড়লেও পোলার্ড দলেই থাকবেন। তার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা পুরানের, ‘আমার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হলো পোলার্ড এখনও খেলছে, সুনীল (নারিন) ও আন্দ্রেও (রাসেল) আছে এখানে। তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা আমি পেতে পারি। মাঠে তাদেরকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অনেক কিছু।’
টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত খেলোয়াড় পুরান। ১৭ বছর বয়সে এই ফরম্যাটে অভিষেক হয় তার। সিপিএল ক্যারিয়ার শুরু এই দলটির সঙ্গে, তখন নাম ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোগাবো রেড স্টিল। পরে বার্বাডোজ রয়্যালস ও গায়ানা আমাজন ওয়ারিয়ার্স ঘুরে ২০২২ সালে আবারও ত্রিনবাগোতে আসেন। ২০১৫ সালে একটি দুর্ঘটনার কারণে ওই আসরে খেলতে পারেননি পুরান। তাছাড়া প্রতি আসরেই তাকে দেখা গেছে। সিপিএলে ১১৪ ম্যাচে ১৫২.২৭ স্ট্রাইক রেটে ২৪৪৭ রান তার। বর্তমানে তিনি এমএলসির এমআই নিউ ইয়র্ক ও আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের অধিনায়ক।