অস্ট্রেলিয়ায় অজিদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের শুরুতে ব্যাটে-বলে দাপট দেখালো দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার কেয়ার্নসে স্বাগতিকদের ট্রাভিস হেড তার ক্যারিয়ারে দ্বিতীয়বার চার উইকেট নেন। তার ডানহাতি অফস্পিনে দক্ষিণ আফ্রিকা ভুগলেও প্রথম চার ব্যাটারের তিন জনের হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে। অস্ট্রেলিয়া ঝড়ো শুরু করেছিল। তবে স্পিন স্বর্গে হঠাৎ করে কেশভ মহারাজের ঘূর্ণিতে ভরাডুবি দেখে তারা। তাতে ৯৮ রানের রেকর্ড ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।

হেড প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৯৬ রানে আটকে দেন। অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬০ রান যোগ করার পর কেশভ মহারাজের ঘূর্ণি জাদুতে বশীভূত হয়। ৪১তম ওভারে মাত্র ১৯৮ রানে অলআউট করে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের রেকর্ড রানে জয় পেয়েছে আফ্রিকানরা।অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে আগের সর্বোচ্চ ৮২ রানের জয় ছিল ১৯৯৪ সালে পার্থে।

এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন ৯১ রানের জুটি গড়ে শুভ সূচনা করেন। ১৭তম ওভারে রিকেলটন (৩৩) হেডের শিকার হন। ৫৪ বলে ৬ চারে হাফ সেঞ্চুরি করা মার্করাম সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন। কিন্তু থেমে যেতে হয় আশি পার হতেই। ৮১ বলে ৯ চারে ৮২ রানে আউট হন তিনি।

এরপর টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিজকে ৯২ রানের জুটি গড়েন। ব্রিজকে ৫৬ বলে ৫৭ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন।

অন্য প্রান্ত থেকে ব্যাটারদের বড় সহায়তা না পেলেও বাভুমা দলীয় স্কোর আড়াইশ পার করে দেন। ৭৪ বলে ৫ চারে ৬৫ রান করেন অধিনায়ক।

শেষ দিকে উইয়ান মুল্ডার ৩১ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকাকে তিনশর কাছে নেন।

হেড ৫৭ রান দিয়ে চার উইকেট নেন। দুটি উইকেট পান বেন ডোয়ারশুইস।

লক্ষ্যে নেমে মিচেল মার্শ ও হেডের ওপেনিং জুটি ভালো শুরু এনে দেয়। অষ্টম ওভারে ৬০ রানের জুটি ভাঙেন অভিষিক্ত সুবরায়েন। ২৭ রানে হেড মাঠ ছাড়েন।

মহারাজ তারপর ভেঙে দেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। বিনা উইকেটে ৬০ রান করা স্বাগতিকরা ৮৯ রানে ৬ উইকেট হারায়।

ডোয়ারশুইসকে নিয়ে ৭১ রানের জুটি গড়ে এই ধাক্কা সামাল দেন মার্শ। তবে ৩৮ রানে শেষ চার উইকেট হারিয়ে পরাজয় বরণ করে অজিরা। 

৯৬ বলে ১০ চারে ৮৮ রান করেন মার্শ। ৩৩ রান আসে ডোয়ারশুইসের ব্যাটে। 

মহারাজ ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইফারে প্রত্যাশিতভাবে তিনি হয়েছেন ম্যাচসেরা। দুটি করে উইকেট পান নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।