বুধবার হালনাগাদ হওয়া আইসিসি র্যাঙ্কিং প্রকাশিত হতেই ক্রিকেট বিশ্ব হতভম্ব। ওয়ানডে তালিকায় নেই বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম!
ভারতের দুই মহাতারকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন শুধু ওয়ানডে ফরম্যাটে তারা সক্রিয় আছেন। তবে এই সংস্করণের র্যাঙ্কিং তালিকায় দুজনের নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে, একদিনের ক্রিকেট থেকেও তারা অবসর নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় শোরগোল বেশিক্ষণ টিকতে দেয়নি আইসিসি। ঘণ্টাখানেকের মধ্যে তারা একে ‘প্রযুক্তিগত বিভ্রাট’ উল্লেখ করেছে।
আইসিসি উইজডেনকে বলেছে, ‘এই সপ্তাহের র্যাঙ্কিংয়ে বেশ কিছু সমস্যার অনুসন্ধান চলছে।’ পরে অবশ্য তাদের দুজনের নাম যুক্ত করা হয়। রোহিত বর্তমানে ব্যাটার তালিকায় দুই নম্বরে, কোহলি চারে। যথারীতি এক নম্বরে তাদের সতীর্থ শুবমান গিল।
এদিন ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং করে শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ।