বিসিবি নির্বাচনে অংশ নেবেন না মাহবুব আনাম

প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক মাহবুব আনাম অক্টোবরের সম্ভাব্য নির্বাচনে অংশ নেবেন না।

দুই যুগ ধরে বোর্ডের পরিচালক হিসেবে আছেন মাহবুব। ২০০১ সাল থেকে প্রত্যেক প্রশাসনের অংশ ছিলেন তিনি। আগামী নির্বাচনে প্রেসিডেন্টের পদে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা শোনা যাচ্ছিল।

তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই সিদ্ধান্ত বদলালেন মাহবুব। সাম্প্রতিক সময়ে বোর্ডের বাইরে তার বিরুদ্ধে কিছু অভিযোগ সামনে আসার কারণে বিসিবি নির্বাচনে অংশ নেবেন না বলে মনে করা হচ্ছে।

বিসিবি নির্বাচনে না দাঁড়ানোর ব্যাপারে জানতে চাইলে মাহবুব ক্রিকবাজকে বলেছেন, ‘পরিবেশ ভালো না হলে আমি নির্বাচনে অংশ নেবো না, সেটা আগেই বলেছি। কী ঘটছে তা জানেন। যা ঘটছে, আমার মনে হয় এর শেষ হবে।’

মাহবুব বর্তমানে বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান। সম্প্রতি বিসিবির সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ সরে দাঁড়ানোর পর বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হন তিনি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেটার ১৯৮৫ সালে অবসরের পরপর ক্রিকেট প্রশাসনে নাম লেখান। ১৯৮৬ সালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসে যোগ দেন তিনি মোহামেডানের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালে জাতীয় ক্রিকেট প্রশাসনে প্রথমবার বড় দায়িত্ব নেন, তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন।