ম্যাথু ব্রিটজকে ও ট্রিস্টান স্টাবসের হাফ সেঞ্চুরিতে ২৭৭ রান করে দক্ষিণ আফ্রিকা। তারপর জশ ইংলিসের একার লড়াই ছাপিয়ে লুঙ্গি এনগিডির পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে দুইশর মধ্যে অলআউট করে তারা। ৮৪ রানের জয়ে তিন ওয়ানডের সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতলো প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে এনিয়ে টানা পঞ্চম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলো, যার শুরু হয়েছে ২০১৬ সাল থেকে। আর এবার এক ম্যাচ হাতে রেখে জিতলো তারা এই সিরিজ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে রেকর্ড ৯৮ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। আরেকবার শক্তিশালী ব্যাটিং প্রচেষ্টায় সফল তারা।
ব্রিটজকে ও স্টাবসের হাফ সেঞ্চুরি এবং দুজনের ৮৯ রানের চতুর্থ উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ করে। ব্রিটজকে ৮৮ ও স্টাবস ৭৪ রান করেন। তারপর নান্দ্রে বার্গার ও এনগিডির বোলিংয়ে ২৭৭ রান ডিফেন্ড করেছে। এনগিডি ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন, ওয়ানডেতে তার দ্বিতীয় ফাইফার, অস্ট্রেলিয়ার বিপক্ষেও দ্বিতীয়।
অস্ট্রেলিয়া এনিয়ে তাদের শেষ তিনটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারলো। আরেকবার ব্যাটিং ব্যর্থতায় ঘরের মাঠে টানা চার ইনিংস দুইশর নিচে অলআউট হলো তারা। প্রথম ম্যাচের মতো এবারও তাদের একজন ব্যাটার উল্লেখযোগ্য রান করেছেন, ইংলিসের ৮৭।
দক্ষিণ আফ্রিকার হঠাৎ করেই ছন্দপতন হয়। ভালো শুরুর পর তারা শেষ ১০ ওভারে ৪৪ রানে পাঁচ উইকেট হারায়। এরপর তিনটি ক্যাচ ফেলে তারা, যার দুটিই স্টাবসের হাত ফসকে বেরিয়ে যায়। এনিয়ে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচে ছয়টি ক্যাচ ফেলেন তিনি।
তবুও অস্ট্রেলিয়ার ইংলিস ছাড়ার আরও কেউই বড় ইনিংস গড়তে পারেননি। ১৮ রানে শেষ ৫ উইকেট হারায তারা। ৩৭.৪ ওভারে ১৯৩ রানে অলআউট অজিরা। এছাড়া ক্যামেরন গ্রিন করেন ৩৫ রান।