নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের বাংলাদেশ দলে সোহান

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলই সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার খেলেছেন তিনি। তার সঙ্গে ফিরেছেন সাইফ হাসান।

বাংলাদেশের জার্সিতে সোহান সবশেষ খেলেছেন ২০২৩-এর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। মিরপুরে সেই ম্যাচের পর ২৩ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি তার। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিয়ে ক্যারিবিয়ানে রংপুর রাইডার্স ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে ছিলেন তিনি।

২০২৩ সালের এশিয়ান গেমস থেকে বাদ পড়ার দেড় বছর পর জাতীয় দলে ডাক পেলেন সাইফ। 

পারিবারিক কারণে নেদারল্যান্ডস সিরিজ থেকে সরে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা এই স্পিন অলরাউন্ডারের। তবে স্ট্যান্ডবাই হিসেবে আছেন তিনি। মূল দল তো বটেই, স্ট্যান্ডবাইয়ের তালিকাতেও নেই সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানভীর ইসলাম, সৌম্য সরকার ও হাসান মাহমুদকে রাখা হয়েছে মিরাজের সঙ্গে।

৩০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজ। তারপর ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুটি টি-টোয়েন্টি।

এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বে লিটনদের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে।

স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।