বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষ দিকে এসে চোট সমস্যায় দলে আবার পরিবর্তন আনতে বাধ্য হয়েছে তারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং। ফিরেছেন ডানহাতি পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অলরাউন্ডডার সিকান্দার জুলফিকার।
মূলত রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন চোটের কারণে ছিটকে গেছেন। সাকিব জুলফিকার ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় নতুন এই পরিবর্তন।
ডি ল্যাং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ধারাবাহিক পারফর্মার। তার ক্লাবেও সেই ছন্দ ধরে রেখেছেন তিনি। ডি ল্যাংকে নিয়ে তার অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসও ভীষণ উচ্ছ্বসিত। বলেছেন, ‘তরুণ কাউকে দলে আনা সব সময়ই রোমাঞ্চকর। সেডরিক পুরো গ্রীষ্মেই দুর্দান্ত খেলেছে। তারই পুরস্কার হিসেবে এই ডাক পাওয়া। এই সফরে আমাদের হয়ে সে কী করতে পারে, সেটা দেখার অপেক্ষায় মুখিয়ে আছি। আশা করি, তার হয়তো লম্বা ক্যারিয়ার সামনে।’
দলে ব্র্যাটও ফিরেছেন ২০২১ সালের পর। সর্বশেষ নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করার সুবাদেই সুযোগ পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সিকান্দার জুলফিকারের অনুপস্থিতি অবশ্য আরও লম্বা সময়ের। সর্বশেষ ২০১৯ সালে টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি খেললেও ডাচদের এটাই প্রথম বাংলাদেশ সফর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের জন্য এটা প্রস্তুতিমূলক সিরিজ।
সিলেটে ম্যাচ তিনটি হবে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডসের চূড়ান্ত স্কোয়াড
স্কট অ্যাওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়া ক্রোয়েস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ডানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গল।