এসএ টোয়েন্টি লিগের নিলামে মাহমুদউল্লাহসহ বাংলাদেশের ২৩ ক্রিকেটার

চলতি বছরের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। এই প্রতিযোগিতার নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ৭৮২ জন ক্রিকেটার, যার মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্থানীয়। বিদেশিদের তালিকায় রয়েছে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার, এমন তথ্য জানিয়েছে ক্রিকবাজ। 

২০২৪ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ নাম দিয়েছেন নিলামে। তবে বাকি ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্রিকবাজ। বাংলাদেশের পাশাপাশি ইংল্যান্ডের ১৫৩, ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে আছেন ১১ জন করে ক্রিকেটার। একজন করে ক্রিকেটার আছেন কম্বোডিয়া, উগান্ডা, বতসোয়ানা ও মালয়েশিয়ার।

এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার নিবন্ধন করেছেন। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের আছেন তিনজন করে ক্রিকেটার। তাদের পাশাপাশি জামার্নির ক্রিকেটারও এসএ টোয়েন্টি লিগের নিলামের জন্য নাম দিয়েছেন।

এই টুর্নামেন্টের নিলামে বাংলাদেশের ২২ ক্রিকেটারের নাম দেওয়া দারুণ ব্যাপার। প্রত্যাশা করা হচ্ছে এই তালিকা থেকে অন্তত বেশ কিছু ক্রিকেটার এবার সুযোগ পাবেন দক্ষিণ আফ্রিকান এই লিগে।

চলতি বছরের ২৬ ডিসেম্বরে মাঠে গড়াবে নতুন আসর। ২৫ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে নিউল্যান্ডসে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে এমআই কেপ টাউন।