১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে পরা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে (বাংলাদেশি মুদ্রায় মূল্য ৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৪৩২ টাকা)। এটি কিনে নিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর।
রাজধানী ক্যানবেরায় অবস্থিত এই জাদুঘরকে ব্যাগি গ্রিন ক্যাপ কিনতে অর্ধেক মূল্য পরিশোধ করেছে ফেডারেল সরকার।
এই ক্যাপটি ব্র্যাডম্যান পরেছিলেন ১৯৪৬-৪৭ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটাই ছিল প্রথম অ্যাশেজ।
অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জেতে ৩-০ তে। সেবার ইংল্যান্ডে অপরাজিত ছিল অজিরা।
অস্ট্রেলিয়ার শিল্পমন্ত্রী টনি বার্ক জানান, ক্যাপটি কিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষিত করা হলো। তিনি বলেছেন, ‘স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের নাম শোনেনি, এমন অস্ট্রেলিয়ান পাওয়া কঠিন। নিঃসন্দেহে সর্বকালের সেরা ক্রিকেটার তিনি।’
তিনি আরও বলেন, ‘এখন তার আইকনিক ব্যাগি গ্রিনগুলোর একটি অস্ট্রেলিয়া জাতীয় জাদুঘরে রাখায় দর্শকরা খুব কাছ থেকে এটি দেখার সুযোগ পাবেন এবং আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে সংযোগ করতে পারবেন।’
বর্তমানে ১১টি ব্যাগি গ্রিন ক্যাপের অস্তিত্ব রয়েছে, যার একটি রাখা হলো ক্যানবেরায়। একটি রয়েছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে। বাকিগুলো রাখা হয়েছে গোপনে।