এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতির মঞ্চ ছিল নেদারল্যান্ড সিরিজ। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই লিটন দাসের দল সিরিজ নিশ্চিত করেছে। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাই বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে স্বাগতিক দল। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
যদিও চলমান টি-টোয়েন্টি সিরিজটি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য টাইগারদের প্রস্তুতির অংশ, তবু প্রধান কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক লিটন দাস দুজনেই ম্যাচের ফলাফলকে সেভাবে গুরুত্ব দেওয়ার পক্ষে ছিলেন না। কিন্তু প্রথম দুটি টি-টোয়েন্টিতে তাদের সতর্ক কৌশল ভিন্ন কিছুর ইঙ্গিত-ই দিয়েছে।
উভয় ম্যাচে টসে জেতার পরও বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যার পেছনে ছিল শিশির। কারণ পরে কন্ডিশন ব্যাটিং করার জন্য অনুকূল ছিল। তাতে দুই ম্যাচেই তারা সহজে জয় নিশ্চিত করে এবং টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে। যেহেতু সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে, তাই দল এখন কৌশল এবং স্কোয়াড নির্বাচন—উভয় ক্ষেত্রেই পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছে।
দলের ভেতরের সূত্রে জানা গেছে, জ্বরে ভুগে প্রথম দুটি ম্যাচ খেলতে না পারা শামীম হোসেন এখন পুরোপুরি সুস্থ এবং শেষ ম্যাচের জন্য তিনি প্রস্তুত।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য এশিয়া কাপের বি- গ্রুপে হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর আবু ধাবিতে তাদের প্রথম ম্যাচের আগে শেষ ম্যাচ। তাই ৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার আগে নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিনের মতো খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে, নেদারল্যান্ডস প্রথম দুটি ম্যাচে বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া হয়ে থাকবে।
এখানে উল্লেখ্য, এটি দুই দলের মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি হয়েছিল নেদারল্যান্ডসে। ২০১২ সালের সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। ১৩ বছর আগে পাওয়া সেই জয় এখন পর্যন্ত ৭ ম্যাচে এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ডাচদের একমাত্র জয় হয়ে আছে। আর সিলেটে দুই ম্যাচ জয়ের মধ্য দিয়ে প্রথমবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস গড়েছে লিটনরা।