যে রেকর্ডে বাংলাদেশের পরই জায়গা করে নিয়েছে আফগানিস্তান

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতকে ৪ রানে হারিয়ে ষষ্ঠ ম্যাচ জিতেছে আফগানিস্তান। এই জয়ে বাংলাদেশের পর এক ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের নজির গড়েছে তারা। আইসিসির দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে এক ভেন্যুতে ২০টি টি-টোয়েন্টি জয়ের কৃতিত্ব দেখিয়েছে। 

শুক্রবার শারজায় অনুষ্ঠিত শেষ লিগ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ ৪৮ রানে ২০ ওভারে ৪ উইকেটে তারা সংগ্রহ করে ১৭০ রান। জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ৫ উইকেটে ১৬৬ রানে থেমেছে।

ভারপ্রাপ্ত অধিনায়ক ইব্রাহিম জাদরান ৩৫ বলে তিনটি চার ও সমান সংখ্যক ছক্কায় মোট ৪৮ রান করেন। এই ইনিংস খেলার পথে ওপেনার উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ১২ ওভারে প্রথম উইকেটে ৯৮ রানের জুটি গড়েন। গুরবাজ ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় করেছেন ৪০ রান।  

করিম জানাত ১৪ বলে ২৮ রান যোগ করেন এবং গুলবাদিন নাইব ১৪ বলে অপরাজিত ২০ রান করেন।

এই ম্যাচ নিয়ে শারজা ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা ২৯টি টি-টোয়েন্টির মধ্যে আফগানিস্তান জিতেছে ২০টিতে। অন্যদিকে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা ৪৮টি টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশ জিতেছে ২৪টিতে। তবে একদিক দিয়ে আফগানিস্তান অনন্য। আফগানিস্তানই প্রথম দল যারা বিদেশের কোনও ভেন্যুতে ২০টি টি-টোয়েন্টি জয়ের নজির গড়েছে।

এক ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের তালিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের পরেই রয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮টি এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৬টি টি-টোয়েন্টি জিতেছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে খেলা ২৬টি ম্যাচের মধ্যে জিতেছে ১৪টি।

একটি ভেন্যুতে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়

দলস্টেডিয়ামশহরমোট ম্যাচজয়
বাংলাদেশশেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামঢাকা৪৮২৪
আফগানিস্তানশারজা ক্রিকেট স্টেডিয়ামশারজা২৯২০
পাকিস্তানদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামদুবাই৩২১৮
পাকিস্তানগাদ্দাফি স্টেডিয়ামলাহোর২৬১৬
দক্ষিণ আফ্রিকাওয়ান্ডারার্স স্টেডিয়ামজোহানেসবার্গ২৬১৪