সব কিছু ঠিক হয়েই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস-ই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। বোর্ডের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় তিনি সভাপতি নির্বাচিত হন। বোর্ডে মিঠুন ৩৭তম নির্বাচিত সভাপতি।
মানহাস ছিলেন সভাপতি পদে একমাত্র প্রার্থী। আগস্টে সাবেক অলরাউন্ডার রজার বিনির পদত্যাগের পর থেকে পদটি শূন্য ছিল। এর পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। তিনি আগের পদেই বহাল থাকছেন, আর দেবজিত সাইকিয়া থাকছেন বোর্ডের সচিব হিসেবে।
নতুন কোষাধ্যক্ষ হয়েছেন কর্নাটকের সাবেক ক্রিকেটার রঘুরাম ভাট। ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন তিনি। প্রভতেজ সিং ভাটিয়া যিনি এতদিন কোষাধ্যক্ষ ছিলেন, তিনি হয়েছেন যুগ্ম-সচিব।
জাতীয় নির্বাচক কমিটিতেও এসেছে পরিবর্তন। অজিত আগারকারের নেতৃত্বাধীন পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন প্রজ্ঞান ওঝা ও আরপি সিং। তারা এস শরৎ ও সুব্রত ব্যানার্জির পরিবর্তে এসেছেন। শরৎ এখন জুনিয়র নির্বাচক কমিটির প্রধান হিসেবে কাজ করবেন।
এছাড়া বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিলে যুক্ত হয়েছেন সৌরাষ্ট্রের সাবেক অধিনায়ক জয়দেব শাহ। তিনি মিজোরামের খায়রুল জামাল মজুমদারের পরিবর্তে এসেছেন। মজুমদার এখন আইপিএল গভর্নিং কাউন্সিলে আছেন। যেখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অরুণ ধুমাল।