কুলদীপের ঘূর্ণিতে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ 

কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে দিয়েছে ভারত। পাঁচ উইকেট শিকার করে সফরকারীদের ফলোঅনে ব্যাট করতে পাঠিয়েছেন এই স্পিনার। ফলোঅনে অবশ্য ভালোই জবাব দিচ্ছেন তারা। এই বছরে প্রথমবারের মতো সর্বোচ্চ রানের জুটি গড়েছেন জন ক্যাম্পবেল ও শাই হোপ। তাদের ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রানে শেষ করেছে তৃতীয় দিন। 

ক্যাম্পবেল ক্যারিয়ারসেরা ৮৭ রানের ইনিংসে অপরাজিত আছেন। হোপও ৩১ ইনিংস পর তার প্রথম অর্ধশতক পেয়েছেন। ব্যাট করছেন ৬৬ রানে। 

তবু এত ভালো ব্যাটিংয়ের পরও দিল্লিতে ভারতকে আবার ব্যাটিংয়ে নামাতে তাদের প্রয়োজন আরও ৯৭ রান। নিষ্প্রাণ উইকেটে কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু আবারও কাজ করেছে। তবে ম্যাচ দ্রুত শেষ করার লোভটা উল্টো ভারতীয় বোলারদের কষ্টই বাড়িয়েছে। শেষ ৭৫.২ ওভারে ভারত পেয়েছে মাত্র চারটি উইকেট।

সফরকারীরা রবিবার ৪ উইকেটে ১৪০ রানে শুরু করে তৃতীয় দিনের খেলা। কিন্তু দ্বিতীয় সেশনে শেষ পর্যন্ত ভারতের প্রথম ইনিংসে করা ৫ উইকেটে ৫১৮ রানের জবাবে ২৭০ রানে পিছিয়ে থেকে গুটিয়ে যায় দলটির প্রথম ইনিংস।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৭৫ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখন খ্যারি পিয়েরে ও অ্যান্ডারসন ফিলিপ লাঞ্চ পর্যন্ত দলকে টিকিয়ে রাখেন। ২৪ রানে অপরাজিত থাকা ফিলিপের সঙ্গে পিয়েরে যোগ করেন ২৩ রান। দুজনের জুটি থেকে আসে ৪৬ রানের লড়াকু পার্টনারশিপ।

লাঞ্চের পর প্রথম ওভারেই পিয়েরেকে (২৩) বোল্ড করে দেন জসপ্রীত বুমরা। এরপর ফিলিপ ও জেইডেন সিলস ভারতীয় বোলারদের আরও কিছুটা সময় ভোগান। তবে কুলদীপ শেষ পর্যন্ত সিলসকে (১৩) এলবিডাব্লিউ করে নিজের ইনিংসের পঞ্চম শিকার পূরণ করেন। এটি ছিল তার ১৫তম টেস্টে পঞ্চম পাঁচ উইকেটের নজির। তাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৪৮ রানে। 

উল্লেখ্য, আহমেদাবাদে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে জয় পেয়েছিল ভারত।