ভাগ্যকেই দুষছেন কিউই অধিনায়ক

কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে সুপার টেনের গ্রুপ পর্বে অপরাজিত থাকা নিউজিল্যান্ড। গতকাল ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। টুর্নামেন্টে দুর্দান্ত শুরুর পর এমন হারে ভাগ্যকেই দুষলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ২০-২৫ রান কম করেছি। শেষের দিকে ইংল্যান্ড দারুণ বোলিং করেছে। আর সেই কারণেই আমাদের রান বেশিদূর যেতে পারেনি। দুর্ভাগ্য যে আমরা শেষ চার ওভারে ব্যাটিংয়ে ছিলাম পুরোপুরি ব্যর্থ।’
কেন আরও যোগ করেন, ‘যেটাই হোক ম্যাচে আমাদের চেষ্টার ত্রুটি ছিল না।’
হারলেও এই ম্যাচ থেকে অনেক কিছুই শিখেছেন দাবি করেন কেন। তিনি বলেন, ‘শেষের দিকে ইংল্যান্ড দারুণ বোলিং করেছে, তাদের ইয়র্কারগুলো খেলাই যাচ্ছিল না। আর একের পর এক উইকেট হারিয়ে আমরাও চাপে পড়ে যাই। নতুন ব্যাটসম্যান এসে তখন কিছুই করতে পারছিল না। টি-টোয়েন্টি ফরম্যাচে যা খুবই জরুরি। এসব কিছু থেকেই আমরা অনেক কিছু শিখেছি।’
নিউজিল্যান্ড অধিনায়ক আরও বিশ্বাস করেন যে এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু নিয়েই দেশে ফিরছে তার দল। তিনি বলেন, ‘সোধির সঙ্গে স্যান্টনারও দারুণ একটি টুর্নামেন্ট শেষ করেছে। আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট খেলতে তারা নিজেদের প্রমাণ করেছে। যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
/এফআইআর/