সিরিজ নির্ধারণী ম্যাচে ভালো ক্রিকেট খেলার বার্তা শন টেইটের

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। কাল মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। ম্যাচের আগে দলকে অযথা জটিলতা না বাড়িয়ে ভালো ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। 

চট্টগ্রামে সোমবার সিরিজের শেষ ম্যাচের আগে অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কালকের ম্যাচ নিয়ে প্রশ্ন উঠতেই টেইট বলেছেন, ‘আমার মনে হয় আমাদের ভাবনাগুলো খুব জটিল করার দরকার নেই। ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলেই জিতবো। আন্তর্জাতিক ম্যাচে প্রতিটি জয়ই দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়।’

চলতি সিরিজটা ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি। এখন আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে বিরতির পর বিপিএলে অংশ নিতে উন্মুখ টাইগাররা। টেইট মনে করেন, ‘আমাদের যা করার, তা হলো ভালো খেলাটা ধরে রাখা। আগের ম্যাচের জয় থেকে যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা নিয়ে সামনের দিন মাঠে নামা। যদি জিততে পারি, বিরতির আগে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তাই মনে হয় না, চিন্তাকে খুব জটিল করার দরকার আছে।’

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার সিরিজের প্রথম দুই ম্যাচে আইরিশদের পারফরম্যান্সও তুলে ধরেন। তার মতে, দুই ম্যাচে বাংলাদেশ থেকে ভালো ব্যাটিং করেছে সফরকারীরা, ‘আইরল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলছে, তাদের বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড়ও আছে। দেখলে মনে হয়, তাদের টি–টোয়েন্টি দলটা বেশ গোছানো।’

তবু বাংলাদেশ খুশি প্রতিপক্ষের এমন চ্যালেঞ্জে। কারণ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপই এখন বড় লক্ষ্য। টেইটের কথায়, ‘আমরা ভালো ধরনের চ্যালেঞ্জ চাই, এটাই দরকার। আমাদের পরের টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ, ফলে টি–টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে বড় কিছু আর হয় না।’