সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে এই বক্তব্যের জন্য তাকে একটি ‘রিজয়েন্ডার’ বা লিখিত ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টার আয়োজিত ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, “তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটারের বিষয়ে মন্তব্য করার আগে ওই পরিচালকের আরও সতর্ক হওয়া দরকার ছিল। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এটি লিখেছেন। আমরা তাকে বলেছি একটি রিজয়েন্ডার দিতে।”
নাজমুল ইসলামের ফেসবুক পোস্টের প্রতি ইঙ্গিত করে বিসিবি সভাপতি আরও যোগ করেন, “জাতীয় দলের একজন সফল অধিনায়ক ও পারফর্মার হিসেবে তামিমের প্রতি আমাদের সম্মান থাকা উচিত ছিল। এমন কিছু লেখার আগে ভাবা দরকার ছিল। তাকে আমরা ইতোপূর্বেই মৌখিকভাবে বলেছি এবং এটি মূলত একটি কারণ দর্শানো নোটিশেরই অংশ।”
আগামী ২৪ জানুয়ারি বিসিবির পরবর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সেখানে এম নাজমুল ইসলামের এই আচরণ নিয়ে খোলামেলা আলোচনা করা হবে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন পরিচালক, তাই বিসিবির শৃঙ্খলা রক্ষা ও নৈতিকতার স্বার্থে বিষয়টি বোর্ড সভায় গুরুত্বের সঙ্গে দেখা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু জটিলতা নিয়ে বিসিবি সভাপতি জানান, তারা বর্তমানে আইসিসির চূড়ান্ত সংকেতের অপেক্ষায় আছেন। বাংলাদেশ দলের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে বিসিবি যে অনড় অবস্থানে রয়েছে, তা আইসিসিকে ইতোমধ্যেই স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বিসিবিকে ক্রিকেটের স্বার্থে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন। এর জের ধরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিমকে প্রকারান্তরে ‘ইন্ডিয়ান এজেন্ট’ বলে অভিহিত করেন, যা ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।