বিপিএলে সিলেট পর্বের শেষ দিনে জিতে চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্সকে সঙ্গে নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে তারা। তাতে তিন দলের শেষ চার নিশ্চিত হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩১ রানে অলআউট হয় ঢাকা। আবদুল গাফফার সাকলাইনের ২৪ রানে ৪ উইকেট শিকার ঢাকাকে চাপে ফেলে। জবাবে তানজিদ হাসানের ৪৩ বলে ঝড়ো ৭৬ রানের ইনিংস গড়ে দেয় জয়ের ভিত। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছয়। ৩ উইকেট হারানো দলটিকে শেষদিকে মুশফিকুর রহিম (১২*) ও জেমস নিশাম (১৪*) ১৬.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও পৌঁছে গেছে রাজশাহী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দুইয়ে থাকা চট্টগ্রামের ৭ ম্যাচে সংগ্রহ ১০, তিনে থাকা সিলেটেরও ৯ ম্যাচে সংগ্রহ ১০ পয়েন্ট।
টস জিতে ব্যাট করতে নেমে উসমান খানের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ঢাকা। ২৭ বলে ৪১ রান করেন তিনি। তাতে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। ওপেনিংয়ে আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে উসমান যোগ করেন ৫৪ রান। সাকলাইনের বোলিংয়ে এই জুটি ভাঙতেই ধস নামে ঢাকার ইনিংসে। দ্রুত তিনটি উইকেট হারিয়ে মাঝের ওভারগুলোতে মাত্র ৫১ রান তুলতে পারে দলটি।
নাসির হোসেন ২৪ ও সাব্বির রহমান ১৪ রান করলেও শেষ দিকের ওভারগুলোতে আরও পাঁচ উইকেট হারায় ঢাকা। শেষ ওভারে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে পুরোপুরি ভেঙে পড়ে দলটির ইনিংস।
শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে ফিরিয়ে মৌসুমের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রিপন। এর আগে হ্যাটট্রিক করেছিলেন মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া রাজশাহীর হয়ে মো. রুবেল ২২ রানে নেন দুটি উইকেট।
সিলেট পর্ব শেষ হওয়ায় বিপিএল চলে যাবে ঢাকায়। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে লিগ পর্বের শেষ ধাপ।