আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট কোর্টনি ওয়ালশকে বোলিং পরামর্শক নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। ওয়ালশ ইতোমধ্যেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন।
কিংবদন্তি এই পেসার টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। এর আগে বাংলাদেশ দলের বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের ভূমিকাতেও ছিলেন। ২০২৪ সালে আবার জিম্বাবুয়ে নারী দলেও টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।
সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের টি–টোয়েন্টি বিশ্বকাপ দলের পেস আক্রমণে আছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও টিনোটেন্ডা মাপোসা। অলরাউন্ডার হিসেবে সিম বোলিংয়ে রয়েছেন ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া। স্পিন বিভাগে রয়েছেন অভিজ্ঞ ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার ও অধিনায়ক রাজা।
টি–টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে জিম্বাবুয়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও অন্যতম আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের চারটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ২০২৪ সালের আসরে খেলতে না পারার পর এবারই আবার টুর্নামেন্টে ফিরছে জিম্বাবুয়ে।