ঢাকার কাছে হারলেও প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম 

বিপিএলে জয়ে লিগ পর্ব শেষ করেছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে তারা। প্লে-অফে জায়গা করে নেওয়া চট্টগ্রাম রয়্যালসকে হারিয়েছে ৪২ রানে। হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে যাচ্ছে চট্টগ্রাম। 

এই হারে রংপুর রাইডার্স ও চট্টগ্রামের পয়েন্ট এখন ১২। কিন্তু নেট রান রেটে এগিয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে চট্টগ্রাম। 

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দ হারায় চট্টগ্রাম। প্রথম বলে তাসকিন আহমেদের শিকার হন মোহাম্মদ হারিস। এরপর দ্রুত ভেঙে পড়ে টপ অর্ডার। ঢাকার বোলারদের চাপে একপর্যায়ে ৫৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে রয়্যালস। এই ধসের মূল নায়ক ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনও ২৮ রানে নেন ৩টি উইকেট। 

শেষ দিকে আমের জামাল ২৬ বলে ৪২ রান ও শরিফুল ইসলাম ৬ বলে ১৪ রানের লড়াকু ইনিংস হারের ব্যবধান কমায় মাত্র। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১২৮ রানে অলআউট হয় চট্টগ্রাম।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ঢাকা সবকটি উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে পায় ১৭০ রানের লড়াকু পুঁজি। যার মূলে ছিলেন সাইফ হাসান। তার ৪৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস ভিত গড়ে ঢাকার। 

চট্টগ্রামের হয়ে ২৫ রানে ৩টি উইকেট নেন তানভীর ইসলাম। দুটি করে নেন শরিফুল ইসলাম ও আমের জামাল।