টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। তার আগেই চোট ধাক্কা খেতে হয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। প্রোটিয়া দল থেকে বাদ পড়েছেন ব্যাটার টনি ডি জর্জি ও অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা।
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মিলনেকে কিউইদের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন আরেক পেসার কাইল জেমিসন।
গত সপ্তাহান্তে এসএ-টোয়েন্টি লিগে বোলিং করার সময় চোটে পড়েন মিলনে। পরবর্তীতে স্ক্যানে গুরুতর অবস্থা ধরা পড়ে বলে শুক্রবার জানায় নিউজিল্যান্ড ক্রিকেট।
ডি জর্জি হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন। গতমাসে ভারতের বিপক্ষে পাওয়া চোটই ক্ষতির কারণ হয়েছে তার জন্য। আর হার্ড হিটার ফেরেইরার কণ্ঠার হাড় ভেঙে যাওয়াতে ছিটকে গেছেন তিনি। তাদের জায়গায় দলে এসেছেন রায়ান রিকেলটন ও ত্রিস্টান স্টাবস। অবশ্য মূল দলে শুরুতে তাদের না রাখায় সেটা আলোচনার জন্ম দিয়েছিল।