ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট। শুক্রবার ক্রিকবাজকে এমন তথ্য নিশ্চিত করেছেন একজন বোর্ড কর্তা।
মোখলেছুর রহমান এই বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। যা সামনে আনেন ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাত আজিম। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এই সংক্রান্ত বেশ কয়েকটি ফোনালাপ প্রকাশ করেছেন। তাতে নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক তৌহিদের সঙ্গে মোখলেছুরের কথোপকথনে ম্যাচের ফল কেমন হবে তার নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠে আসে। যা ম্যাচের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘অ্যালেক্স মার্শাল (বিসিবি ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান) ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। একই সঙ্গে ওই পরিচালক বিসিবির অডিট কমিটি থেকেও পদত্যাগ করেছেন।’
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হন মোখলেছুর রহমান।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মোখলেছুর জানান, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমি অডিট কমিটি ও অন্যান্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি। তবে পরিচালক পদে থাকছি। আমি চাই বিষয়টির একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হোক।’
এই তদন্তে অ্যালেক্স মার্শালের নেতৃত্বে ফোনালাপের রেকর্ড, আর্থিক লেনদেন এবং বিসিবি ও আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার সম্ভাব্য লঙ্ঘন খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।